আন্তর্জাতিক ডেস্ক:
দখলদার ইসরায়েল-এর টানা হামলায় গাজা উপত্যকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধসে পড়া ভবন ও ধ্বংসাবশেষের নিচে এখনও অন্তত আট হাজার ফিলিস্তিনির মরদেহ চাপা পড়ে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের এক কর্মকর্তা। তুরস্কভিত্তিক আনাদুলা এজেন্সি এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, দুই বছরব্যাপী সংঘাতের পরও গাজার ধ্বংসস্তূপের এক শতাংশেরও কম অপসারণ করা সম্ভব হয়েছে। ইসরায়েলি দৈনিক হারেৎজ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এক কর্মকর্তার বরাতে জানায়, বর্তমান গতিতে ধ্বংসাবশেষ সরাতে পুরো প্রক্রিয়াটি শেষ হতে সাত বছর পর্যন্ত সময় লাগতে পারে। ওই কর্মকর্তা জানান, উপত্যকার বিভিন্ন স্থানে ভবনের নিচে চাপা পড়ে থাকা হাজারো মরদেহ এখনও উদ্ধার করা যায়নি। স্বজনদের মরদেহ খুঁজে পাওয়ার অপেক্ষায় রয়েছে অসংখ্য পরিবার।
ফিলিস্তিনি সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রয়োজনীয় সরঞ্জাম ও সক্ষমতার ঘাটতির কারণে উদ্ধার ও অপসারণ কাজ অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল তা বারবার লঙ্ঘন করছে। তাদের হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতির পরও হামলায় ৮২৮ ফিলিস্তিনি নিহত এবং ২,৩৪২ জন আহত হয়েছেন। দুই বছরব্যাপী সংঘাতে গাজায় মোট ৭২ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১ লাখ ৭২ হাজার আহত হয়েছে। ব্যাপক হামলায় উপত্যকার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজা পুনর্গঠনে প্রায় ৭০ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে।