নিজ সংবাদ:
জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোট ইস্যুতে দিনব্যাপী জাতীয় কনভেনশনের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৩ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ কনভেনশন অনুষ্ঠিত হবে, যেখানে রাজনীতিবিদ, বিশেষজ্ঞ, অ্যাক্টিভিস্ট ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেবেন।
শনিবার রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কনভেনশনের বিস্তারিত কর্মসূচি তুলে ধরা হয়। উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করবেন দলের সদস্যসচিব আখতার হোসেন এবং স্বাগত বক্তব্য রাখবেন সারোয়ার তুষার। এ সেশনে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি প্যানেলিস্ট হিসেবে থাকবেন।
কনভেনশনের প্রথম সেশনে অর্থনৈতিক পুনর্গঠন, দুর্নীতি দমন, ব্যাংকিং খাতের শৃঙ্খলা ও কর্মসংস্থান নিয়ে আলোচনা হবে। এতে অর্থনীতিবিদ ও ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেবেন। দ্বিতীয় সেশনে জ্বালানি নিরাপত্তা, বর্তমান সংকট ও ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময় হবে, যেখানে জ্বালানি বিশেষজ্ঞরা বক্তব্য রাখবেন।
তৃতীয় সেশনে মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এতে আইনজীবী, মানবাধিকারকর্মী ও সাংবাদিকরা অংশ নিয়ে বর্তমান চ্যালেঞ্জ ও করণীয় তুলে ধরবেন। দিনের শেষ সেশনে ‘গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে জুলাই সনদ, সংস্কার ও গণভোট’ বিষয়ে আলোচনা হবে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নিয়ে মতামত দেবেন বলে জানানো হয়েছে।
এনসিপি জানিয়েছে, দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে নীতি নির্ধারণ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে সমন্বিত আলোচনা তৈরি করাই এই কনভেনশনের মূল লক্ষ্য।