জিয়া পরিষদকে গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান মির্জা ফখরুলের

নিজ সংবাদ:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়া পরিষদকে রাজনৈতিক সংগঠন নয়, গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে সরকারের ভেতরে অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে তিনি জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা বলেন। শনিবার (২ মে) রাজধানীর শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

জিয়া পরিষদ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির ইতোমধ্যে একাধিক সহযোগী সংগঠন রয়েছে, নতুন সংগঠনের প্রয়োজন নেই। বরং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও কর্ম নিয়ে গবেষণা জোরদার করা উচিত। ‘জিয়া পরিষদের নামে দোকান খোলা হোক, তা চাই না’—বলে সংগঠনটিকে গবেষণামূলক কাজে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

সরকার পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, চারদিকে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি চোখে পড়ছে, যা উন্নয়নের পথে বড় বাধা। তদবির সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, ‘তদবির ছাড়া কাজ হয় না—এমন একটি সংস্কৃতি তৈরি হয়েছে, যা রাষ্ট্রীয় ব্যবস্থার জন্য ক্ষতিকর।’ জুলাই সনদ ও সংবিধান সংস্কার নিয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করে তিনি জানান, কিছু বিষয়ে দল একমত নয় এবং সব সিদ্ধান্ত সংসদের মাধ্যমেই হওয়া উচিত।

অর্থনীতি পুনরুদ্ধারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তিনি বলেন, ‘বর্তমান সংকট কাটাতে জাতীয় ঐক্য অপরিহার্য।’ পাশাপাশি ছাত্ররাজনীতিতে মেধাবীদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।