নিজ সংবাদ:
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার যেমন গণমাধ্যমের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করে, তেমনি মালিকপক্ষও নিজস্ব স্বার্থে গণমাধ্যম ব্যবহার করে এর কার্যকারিতা ক্ষতিগ্রস্ত করছে। শনিবার (২ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার ও গণমাধ্যম—উভয় পক্ষের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি। এ জন্য পত্রিকার মালিকদেরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। তথ্যমন্ত্রী আরও জানান, নতুন সরকার নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগোচ্ছে এবং এসব মোকাবিলায় নতুন চিন্তা ও কৌশল প্রয়োজন। তরুণদের সম্পৃক্ত করেই গণমাধ্যমের স্বাধীনতা শক্তিশালী করা সম্ভব বলে তিনি মত দেন।
তিনি বলেন, সাংবাদিকতা শিক্ষার্থীদের সম্পৃক্ত করে তথ্য মন্ত্রণালয় একটি দক্ষ অংশীদারিত্ব গড়ে তুলতে চায়। আলোচনায় দেশের গণমাধ্যম স্বাধীনতা নিশ্চিতে একটি সূচক চালুর প্রস্তাবও ওঠে। বর্তমানে বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান ১৫২তম।