নিজ সংবাদ:
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে বর্তমান সরকারের কোনো মিল নেই; বিএনপি যা বলে, তা বাস্তবায়নেই প্রতিশ্রুতিবদ্ধ। শনিবার (২ মে) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের খুদিরামপুর এলাকায় ধলেশ্বরী ও লৌহজং নদীর পুনঃখনন কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, ধলেশ্বরী ও লৌহজং নদীর নাব্যতা ফিরিয়ে আনা টাঙ্গাইলবাসীর দীর্ঘদিনের দাবি। সেই লক্ষ্যেই পুনঃখনন কাজ শুরু হয়েছে। নদীর জায়গা দখল করে রাখা হলে তা উচ্ছেদে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই সারাদেশে খাল ও নদী খনন কর্মসূচি শুরু হয়েছে, যা সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ। এ উদ্যোগের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিনের সভাপতিত্বে স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ধলেশ্বরী ও লৌহজং নদীর মোট ৫২ দশমিক ৯২ কিলোমিটার পুনঃখননে প্রায় ৪১ কোটি ৭০ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।