নিজ সংবাদ:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, সরকার জনগণের দেওয়া গণভোটের রায় উপেক্ষা করছে। শনিবার (২ মে) রাজধানীর বাংলামোটরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণভোটে জনগণের স্পষ্ট মতামত থাকা সত্ত্বেও তা বাস্তবায়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
আখতার হোসেন জানান, সংবিধান সংস্কার পরিষদ গঠন করা সরকারের দায়িত্ব থাকলেও তা করা হয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রায় ৭০ শতাংশ মানুষের সমর্থনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐকমত্য তৈরি হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। তবে সরকার গঠনের পর বিএনপি সেই অবস্থান থেকে সরে এসেছে বলে দাবি করেন এনসিপির এই নেতা। তিনি আরও বলেন, গণভোটের রায়কে কখনও ‘প্রতারণার দলিল’ আবার কখনও ‘অসাংবিধানিক’ হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে, যা জনগণের প্রত্যাশার পরিপন্থী।
সংবিধান সংশোধনের বিষয়ে তিনি বলেন, মৌলিক কাঠামোয় পরিবর্তন আনতে হলে একটি উচ্চতর কাঠামোর প্রতিষ্ঠান প্রয়োজন, যার ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদের ধারণা এসেছে। এছাড়া ব্যাংক খাত নিয়েও উদ্বেগ প্রকাশ করে আখতার হোসেন বলেন, অতীতে অর্থ লুটপাটকারীদের জন্য সহজে মালিকানা ফেরত পাওয়ার সুযোগ তৈরি করা হলে ভবিষ্যতে আরও বড় ধরনের অনিয়মের ঝুঁকি তৈরি হতে পারে।