নিজ সংবাদ:
রাজধানী ঢাকাসহ দেশের সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীন রমনা মডেল থানা পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।
পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী থানার বিভিন্ন কক্ষ, হাজতখানা এবং সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ডিউটি অফিসারসহ দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের কর্মপরিস্থিতি ও সমস্যার বিষয়েও খোঁজখবর নেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের সততা, ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণকে সেবা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, থানাগুলোকে জনবান্ধব করতে হলে দালালচক্র সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে এবং সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও সতর্ক করে বলেন, দায়িত্ব পালনে অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও পেশাদার ও জবাবদিহিমূলক ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।