পশ্চিমবঙ্গের ভোট গণনায় কেন্দ্রীয় কর্মী নিয়োগে আপত্তি খারিজ সুপ্রিম কোর্টের

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনায় কেন্দ্রীয় সরকার ও পাবলিক সেক্টর সংস্থার (পিএসইউ) কর্মী নিয়োগের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল কংগ্রেসের করা আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্টভাবে জানিয়েছে, নির্বাচন কমিশনের ১৩ এপ্রিল জারি করা নির্দেশিকা যথাযথভাবে ও অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। নির্দেশিকায় বলা হয়েছিল, ভোট গণনার কাজে নিয়োজিত কর্মীদের কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীদের মধ্য থেকে ‘র‌্যান্ডম সিলেকশন’-এর মাধ্যমে নির্বাচন করতে হবে। একই সঙ্গে প্রতিটি গণনা টেবিলে অন্তত একজন কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় পিএসইউর কর্মী থাকতে হবে। এর আগে একই বিষয়ে কলকাতা হাইকোর্টে করা তৃণমূল কংগ্রেসের আবেদন ৩০ এপ্রিল খারিজ হয়। এরপর দলটি সুপ্রিম কোর্টে গেলে সেখানেও একই সিদ্ধান্ত বহাল থাকে। ফলে ভোট গণনার দুই দিন আগে দুই আদালতেই আইনি ধাক্কা খেয়েছে তৃণমূল। শুনানিতে তৃণমূলের পক্ষে আইনজীবী কপিল সিবাল যুক্তি দেন, নির্দেশিকাটি দেরিতে প্রকাশ করা হয়েছে এবং প্রতিটি টেবিলে আগেই কেন্দ্রীয় মাইক্রো অবজারভার থাকায় অতিরিক্ত কেন্দ্রীয় কর্মী নিয়োগের প্রয়োজন নেই। এছাড়া নির্দেশিকায় রাজ্য সরকারের প্রতিনিধির কথাও বলা থাকলেও তা বাস্তবে প্রতিফলিত হয়নি বলে দাবি করেন তিনি। তবে আদালত নির্বাচন কমিশনের অবস্থানকে সমর্থন জানিয়ে বলে, এই নির্দেশনায় বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে—যেখানে কেন্দ্রীয় বা রাজ্য, উভয় পক্ষের কর্মীর অংশগ্রহণের সুযোগ রয়েছে। তাই এটি নিয়মবহির্ভূত নয়। আগামী ৪ মে পশ্চিমবঙ্গসহ চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হবে।