স্টারলিংকের স্যাটেলাইট ভিত্তিক সেবা দেবে বাংলালিংক

আইটি ডেস্ক:

দেশের টেলিযোগাযোগ খাতে নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে বাংলালিংক। ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক মোবাইলের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে দেশে প্রথমবারের মতো ‘স্যাটেলাইট টু মোবাইল’ সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। নতুন এই প্রযুক্তির মাধ্যমে এমন সব এলাকায়ও নেটওয়ার্ক সংযোগ পাওয়া যাবে, যেখানে প্রচলিত মোবাইল নেটওয়ার্ক দুর্বল বা অনুপস্থিত। স্টারলিংকের স্যাটেলাইটভিত্তিক নেটওয়ার্ক ব্যবহার করে ইন্টারনেট, ভয়েস ও ভিডিও কল এবং বার্তা আদান-প্রদান সম্ভব হবে।

প্রাথমিকভাবে এসএমএস ও ওটিটি মেসেজিং সেবা দিয়ে কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে ধাপে ধাপে যুক্ত হবে অডিও কল ও ডেটা সেবা। তবে সেবাটি চালুর জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন বলে জানানো হয়েছে। বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োহান বুসে বলেন, দেশের ভৌগোলিক বাস্তবতায় এখনও কিছু অঞ্চল ডিজিটাল সংযোগের বাইরে রয়েছে। স্টারলিংকের প্রযুক্তি ব্যবহার করে সেই সীমাবদ্ধতা দূর করে প্রত্যন্ত এলাকায়ও নিরবচ্ছিন্ন সংযোগ পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য।

অন্যদিকে স্টারলিংক মোবাইলের ভাইস প্রেসিডেন্ট স্টেফানি বেডনারেক বলেন, এই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশে স্যাটেলাইট টু মোবাইল সংযোগ চালু করতে পারা তাদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে প্রত্যন্ত অঞ্চলের লাখো মানুষ সহজেই যোগাযোগ সুবিধার আওতায় আসবে। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের ডিজিটাল সংযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে এবং প্রযুক্তিগত অন্তর্ভুক্তি আরও বিস্তৃত হবে।