স্ট্রংরুম ও পোস্টাল ব্যালট ঘিরে বিতর্কে উত্তাল মধ্য কলকাতা

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গের মধ্য কলকাতায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমের নিরাপত্তা ও পোস্টাল ব্যালট নিয়ে তীব্র বিতর্কে জড়িয়েছে তৃণমূল কংগ্রেস ও নির্বাচন কমিশন। পোস্টাল ব্যালটে অনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল, যদিও নির্বাচন কমিশন জানিয়েছে, পুরো প্রক্রিয়াই নিয়ম মেনে সম্পন্ন হয়েছে। নির্বাচনী দায়িত্বে থাকায় যেসব সরকারি কর্মী ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি, তাঁদের পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ করা হয়। এসব ব্যালট বাছাইয়ের সময়ই বিতর্কের সূত্রপাত।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ ও শ্যামপুকুরের প্রার্থী শশী পাঁজা অভিযোগ করেন, সিল করা স্ট্রংরুমে নিয়ম ভেঙে বাইরের লোকজন যাতায়াত করছে। সিসিটিভি ফুটেজ দেখিয়ে তারা দাবি করেন, ভেতরে অপরিচিত ব্যক্তিদের চলাচল দেখা গেছে। এর প্রতিবাদে তারা ভোটযন্ত্র সংরক্ষণ কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। এ সময় মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায় ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল ও বিজেপি সমর্থকদের পাল্টাপাল্টি স্লোগানে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তৃণমূলের অভিযোগ, স্ট্রংরুমে প্রবেশ করে পোস্টাল ব্যালটে কারচুপির চেষ্টা চলছে। তবে জেলা নির্বাচন কর্মকর্তারা এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানান, নির্ধারিত সময় অনুযায়ী ব্যালট পৃথকীকরণের কাজ চলছিল এবং স্বচ্ছতা নিশ্চিত করতে পর্যবেক্ষক ও প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছিল।

এ ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও বার্তায় ইভিএম ও স্ট্রংরুমে কড়া নিরাপত্তার নির্দেশ দেন। নির্বাচন কমিশনও জানায়, গণনাকেন্দ্রের নিরাপত্তা জোরদারে নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।