টিকা ক্রয় পদ্ধতিতে পরিবর্তন নয়, স্বচ্ছতা বাড়ানোর পরামর্শ: সায়েদুর রহমান

নিজ সংবাদ:

হামের টিকাসহ ইপিআই কর্মসূচির টিকা ক্রয় পদ্ধতিতে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কোনো পরিবর্তন আনা হয়নি বলে জানিয়েছেন সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. সায়েদুর রহমান। শুক্রবার (১ মে) এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, সরকারের নিজস্ব অর্থায়নে কেনা টিকার ক্ষেত্রে প্রচলিত আইন অনুসরণ করা হয়েছে। এ ধরনের ক্রয়ে ‘পাবলিক প্রোকিউরমেন্ট আইন ২০০৬’ অনুযায়ী সরাসরি ক্রয় পদ্ধতি বা উন্মুক্ত দরপত্র পদ্ধতি ব্যবহার করা হয়। তবে একটি আন্তর্জাতিক সাময়িকীতে তার বক্তব্য আংশিকভাবে প্রকাশ হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সায়েদুর রহমান জানান, ইপিআই কর্মসূচির বেশ কিছু টিকার ব্যয় সরকার নিজেই বহন করে, আর কিছু ক্ষেত্রে জিএভিআই-এর সহায়তায় কো-ফাইন্যান্সিং করা হয়। সময়স্বল্পতার কারণে ২০২৫-২৬ অর্থবছরের জন্য আংশিক অর্থ সরাসরি ক্রয় পদ্ধতিতে অনুমোদন দেওয়া হয়।

তিনি আরও বলেন, দীর্ঘদিন একই পদ্ধতি অনুসরণ করলে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই ভবিষ্যতে উন্মুক্ত দরপত্র বা দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে আরও প্রতিযোগিতামূলক ও স্বচ্ছ ক্রয় প্রক্রিয়া নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। পোস্টে তিনি জোর দিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় টিকা ক্রয়ে নতুন কোনো পদ্ধতি চালু হয়নি এবং ইউনিসেফের মাধ্যমে ক্রয় বন্ধ হয়েছে—এমন দাবিও সঠিক নয়।