নিজ সংবাদ:
ছয় দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার (১ মে) ভোর ৪টা ২২ মিনিটে মেরামত শেষে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিট চালু করা হয়। বর্তমানে এই ইউনিট থেকে ৫৫-৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে।
এর আগে গত ২৫ এপ্রিল বয়লারের পাইপ ফেটে যাওয়ায় ইউনিটটি বন্ধ হয়ে যায়, ফলে দিনাজপুরসহ উত্তরাঞ্চলের আট জেলায় তীব্র বিদ্যুৎ সংকট দেখা দেয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কয়লার সঙ্গে বড় পাথর প্রবেশ করায় বয়লারের টিউব ক্ষতিগ্রস্ত হয়ে এ সমস্যা তৈরি হয়েছিল।
২০০৬ সালে চালু হওয়া এই বিদ্যুৎকেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। শুরুতে দুটি ১২৫ মেগাওয়াট ইউনিট থাকলেও ২০১৭ সালে ২৭৫ মেগাওয়াটের আরেকটি ইউনিট যুক্ত হয়। তবে নানা যান্ত্রিক সমস্যার কারণে কেন্দ্রটি দীর্ঘদিন ধরেই পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না।
কেন্দ্রটির সহকারী প্রধান প্রকৌশলী মো. মোহসীনুল ফিরোজ জানান, বর্তমানে ৩ নম্বর ইউনিটের ওভারহোলিং চলছে, যা আগামী ১৫ মে’র মধ্যে চালু হওয়ার আশা করা হচ্ছে। এটি চালু হলে উত্তরাঞ্চলের বিদ্যুৎ পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলে আশা সংশ্লিষ্টদের।