প্রবাসীদের সেবা না দিলে দূতাবাসের প্রয়োজন নেই: বিরোধীদলীয় নেতা

নিজ সংবাদ:

প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যর্থ দূতাবাসগুলো বন্ধ করে দেওয়ার মন্তব্য করেছেন শফিকুর রহমান। শুক্রবার (১ মে) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, উন্নত জীবনের আশায় বিদেশে যাওয়া প্রবাসীরা দালাল ও সিন্ডিকেটের কারণে অতিরিক্ত খরচের শিকার হচ্ছেন। অনেক ক্ষেত্রে প্রতিবেশী দেশের তুলনায় তিন-চার গুণ বেশি টাকা ব্যয় করেও বিদেশে গিয়ে অমানবিক জীবনযাপন করতে হচ্ছে তাদের।

দূতাবাসগুলোর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, প্রবাসীদের ‘রেমিট্যান্স যোদ্ধা’ বলা হলেও বাস্তবে তারা হয়রানির শিকার হন। পাসপোর্ট নবায়নসহ নানা সেবায় ভোগান্তির কথা তুলে ধরে তিনি বলেন, দূতাবাস জনগণের সেবার জন্য—কর্মকর্তাদের সুবিধার জন্য নয়। এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এসব প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন ওঠে।

শ্রমিক দিবসের ইতিহাস উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শ্রমিকদের অবস্থার কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। অনেক রাজনৈতিক দল শ্রমিক ইস্যুকে কেবল রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বলেও মন্তব্য করেন তিনি। মালিক-শ্রমিক সম্পর্কের বিষয়ে তিনি পারস্পরিক শ্রদ্ধা ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি শ্রমিকদের প্রকৃত মর্যাদা নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান।