তারেক রহমান দেশ পুনর্গঠনের প্রতীক: মির্জা ফখরুল

নিজ সংবাদ:

রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১ মে) বিকেলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, তারেক রহমান শুধু দেশের প্রধানমন্ত্রী নন, তিনি মেহনতি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তার নেতৃত্বে দেশ একটি সংকটময় অবস্থা থেকে পুনর্গঠনের পথে এগিয়ে গেছে। তিনি দাবি করেন, অতীতে দেশের ব্যাংকিং খাত ও অর্থনীতি ধ্বংসের মুখে পড়েছিল, যা বর্তমান সরকারের উদ্যোগে পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

সভায় তিনি সাম্প্রতিক বিভিন্ন আন্দোলনে নিহত শ্রমিকদের স্মরণ করেন এবং তাদের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি রাজধানীতে হকারদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানিয়ে তিনি বলেন, শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মির্জা ফখরুল আরও বলেন, শ্রমিকদের সন্তানদের শিক্ষা নিশ্চিত করা এবং চা শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়ন এখন সময়ের দাবি। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী সম্প্রতি সংসদে একজন দূরদর্শী রাষ্ট্রনায়কের মতো বক্তব্য দিয়েছেন এবং একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন। সভায় দলের কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।