নয়াপল্টনে শ্রমিক সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিজ সংবাদ:

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শ্রমিক দলের সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১ মে) বিকাল সোয়া ৪টার দিকে তিনি সমাবেশস্থলে পৌঁছান। এর আগে বিকাল ৩টায় সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইন-এর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। এতে দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশে প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।

পূর্বনির্ধারিত সময় দুপুর আড়াইটায় সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকেই ঢাকা ও আশপাশের জেলা—গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ থেকে শ্রমিকরা দলে দলে অংশ নিতে শুরু করেন। ব্যানার-ফেস্টুন নিয়ে শ্রমিকরা তাদের অধিকার আদায়ের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে নয়াপল্টন ছাড়িয়ে কাকরাইল, নাইটিঙ্গেল ও ফকিরেরপুল মোড় পর্যন্ত পুরো এলাকা জনসমাগমে মুখর হয়ে ওঠে।

সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।