নিজ সংবাদ:
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শুক্রবার (১ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি উল্লেখ করেন, জিয়াউর রহমান ১৯৭৬ সালে জনশক্তি মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং মধ্যপ্রাচ্যসহ ৩৩টি দেশে শ্রমিক পাঠানোর উদ্যোগের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়ের নতুন দিগন্ত উন্মোচন করেন।
তিনি বলেন, পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ‘শ্রম আইন ২০০৬’ প্রণয়নসহ শ্রমিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বর্তমান সরকারও শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, দেশের শিল্প, কৃষি ও পরিবহন খাতের উন্নয়নে শ্রমিকদের অবদান অপরিসীম। পাশাপাশি প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স ও তৈরি পোশাক শিল্প বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস হিসেবে কাজ করছে।
তিনি আরও জানান, আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও-এর ৩৯টি কনভেনশন ও একটি প্রোটোকল ইতোমধ্যে বাংলাদেশ স্বাক্ষর করেছে এবং শ্রমমান উন্নয়নে কাজ চলমান রয়েছে। বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু ও নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। নারী শ্রমিকদের জন্য সমকাজে সমান মজুরি, মাতৃত্বকালীন ছুটি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। তিনি শ্রমিক-মালিকের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা জোরদারের আহ্বান জানান। অনুষ্ঠানে মিরপুরের রূপনগরে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে নিহত ১৩ শ্রমিকের প্রতি গভীর শোক প্রকাশ করেন তিনি এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে শিল্পকারখানায় নিরাপত্তা জোরদারের আহ্বান জানান।