নোবেল শান্তি পুরস্কারে ২৮৭ প্রার্থী: ট্রাম্পকে ঘিরে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক:

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য এবার মোট ২৮৭ জন প্রার্থীকে বিবেচনায় নেওয়া হচ্ছে। এর মধ্যে ২০৮ জন ব্যক্তি এবং ৭৯টি সংস্থা রয়েছে। এ তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম থাকতে পারে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। নরওয়ের নোবেল কমিটির সেক্রেটারি ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন এক সাক্ষাৎকারে জানান, এবারের মনোনয়ন তালিকায় নতুন প্রার্থীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি। তিনি বলেন, প্রতি বছর তালিকায় নতুনত্ব তাকে বিস্মিত করে।

বিশ্বজুড়ে সংঘাত বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা চাপে থাকলেও নোবেল শান্তি পুরস্কারের গুরুত্ব কমেনি বলে মন্তব্য করেন তিনি। তার মতে, বর্তমান সময়ে এই পুরস্কার আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এদিকে কম্বোডিয়া, ইসরায়েল এবং পাকিস্তানের নেতারা জানিয়েছেন, তারা ট্রাম্পকে চলতি বছরের শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন। মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। তবে এই মনোনয়ন সত্যিই জমা পড়েছে কি না, তা যাচাই করার কোনো উপায় নেই, কারণ নোবেল মনোনয়ন ৫০ বছর গোপন রাখা হয়।

এ বছরের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আলোচনায় রয়েছেন প্রয়াত রুশ বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া, পোপ লিও এবং সুদানের স্বেচ্ছাসেবী সংস্থা ইমারজেন্সি রেসপন্স রুমস। নোবেল কমিটির সদস্যদের পাশাপাশি বিভিন্ন দেশের সরকার, পার্লামেন্ট সদস্য, শিক্ষাবিদ ও সাবেক বিজয়ীরাও মনোনয়ন দেওয়ার অধিকার রাখেন।