নিজ সংবাদ:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী রুবেল মিয়া জামিনের পক্ষে শুনানিতে বলেন, সামিয়া দীর্ঘদিন ধরে কারাগারে আছেন এবং তিনি একজন নারী আসামি। সাম্প্রতিক সময়ে তার মায়ের মৃত্যু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া মূল ঘটনার সঙ্গে সামিয়ার সরাসরি সম্পৃক্ততা নেই বলে দাবি করেন আইনজীবী। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে আদালত তা নামঞ্জুর করেন।
এর আগে গত বছরের ১৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ থেকে সামিয়াকে আটক করে পল্টন থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে দুই দফায় ৯ দিনের রিমান্ডে নেওয়া হয় এবং ২৪ ডিসেম্বর তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১২ ডিসেম্বর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গুলি করে গুরুতর আহত করেন শরীফ ওসমান হাদিকে। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলা পরবর্তীতে হত্যা মামলায় রূপ নেয়।