নিজ সংবাদ:
সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে, ২০২৫ সালের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এবং কয়েক দফায় হাইকোর্ট থেকে জামিন পেলেও আপিল বিভাগ তা স্থগিত করে।
পরে গত ১৮ নভেম্বর আরও পাঁচ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ২৬ ফেব্রুয়ারি ওই মামলাগুলোতে জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনে তা আবার স্থগিত হয়ে যায়।
এর মধ্যে সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন দায়ের করা দুটি হত্যা মামলায় আইভীকে গ্রেফতার দেখাতে পুলিশ আবেদন করে। একটি মামলায় ২ মার্চ এবং অন্যটিতে ১২ এপ্রিল নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
সর্বশেষ হাইকোর্টের এই আদেশে আইভীর আইনি অবস্থানে নতুন অগ্রগতি দেখা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।