নিজ সংবাদ:
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বর্তমান রাজনীতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ১৯৭১ সালে কিছু রাজনৈতিক নেতা পাকিস্তানি বাহিনীর সঙ্গে যোগসাজশ করেছিলেন, অথচ এখন তারাই ১৯৪৭-এর বলিদান নিয়ে কথা বলেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় গোলাম আযমসহ কয়েকজন নেতা জেনারেল টিক্কা খানের সঙ্গে বৈঠক করে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। তাদের উদ্যোগেই শান্তি কমিটি ও রাজাকার বাহিনী গঠিত হয়, যা মুক্তিকামী মানুষের বিরুদ্ধে অপরাধে জড়িত ছিল।
মন্ত্রী আরও বলেন, একাত্তর বাংলাদেশের গৌরবের ইতিহাস। এই স্বাধীনতা না এলে দেশের মানুষ আজ সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেত না।
বর্তমান জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, কিছুদিন আগেও বিদ্যুৎ ও পেট্রোল নিয়ে উদ্বেগ থাকলেও এখন পরিস্থিতির উন্নতি হয়েছে। লোডশেডিং কমেছে এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে। সরকার ও বিরোধী দলের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে দেশের উন্নয়নে কাজ চলছে বলেও জানান তিনি।