প্রধানমন্ত্রীর জন্য নতুন সরকারি বাসভবন চেয়ে হাইকোর্টে রিট

নিজ সংবাদ:

প্রধানমন্ত্রীর জন্য একটি নিরাপদ ও উপযুক্ত সরকারি বাসভবন নির্মাণ বা নির্ধারণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, গণপূর্ত মন্ত্রণালয় সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব, আইন মন্ত্রণালয় সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে। রিট আবেদনে বলা হয়, ২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের পর গণভবনের আগের সরকারি বাসভবনটি একটি পাবলিক জাদুঘরে রূপান্তর করা হয়। এরপর প্রধানমন্ত্রীর জন্য নতুন কোনো নিরাপদ ও উপযুক্ত বাসভবন নির্ধারণ বা নির্মাণে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।

আবেদনে আরও বলা হয়, সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা, মর্যাদা ও আবাসিক সুবিধা নিশ্চিত করা একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা নাগরিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে এবং জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। রিটকারী আইনজীবী জানান, আগামী সপ্তাহে এ বিষয়ে শুনানি হতে পারে।