কারচুপির অভিযোগে পশ্চিমবঙ্গে একাধিক কেন্দ্রের ভোট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করেছে দেশটির নির্বাচন কমিশন। শনিবার (২ মে) মধ্যরাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

নির্বাচন কমিশন জানায়, গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত ভোটগ্রহণে একাধিক কেন্দ্র থেকে গুরুতর অনিয়ম ও নির্বাচনী অপরাধের অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় ভোটের স্বচ্ছতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কমিশনের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ফলে পুরো কেন্দ্রের ভোট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তের কারণে ৪ মে ঘোষিতব্য পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলে আসনসংখ্যা ১৯৪ থেকে কমে ১৯৩-এ দাঁড়াবে। ফলতা কেন্দ্রের ফলাফল পরে ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২১ মে ফলতা আসনে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ২৮৫টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। পুনর্নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে ২৪ মে। এদিকে পুনর্ভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে নির্বাচন কমিশন।