একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার

নিজ সংবাদ:

একাত্তরের প্রেক্ষাপটে থাকা জামায়াতে ইসলামী ও বর্তমান জামায়াতের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (১ মে) কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, স্বাধীনতার আগে রাজনৈতিক বাস্তবতায় বিভিন্ন দলের অবস্থান ও নীতি ভিন্ন ছিল। তবে স্বাধীনতার পর জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র, নীতি ও কার্যক্রমে একাধিকবার পরিবর্তন আনা হয়েছে। তিনি দাবি করেন, বর্তমান গঠনতন্ত্রে মুক্তিযুদ্ধের বীরদের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব স্বীকার না করলে কেউ সদস্য হতে পারেন না।

তিনি আরও বলেন, একটি মহল ইচ্ছাকৃতভাবে পুরোনো বিতর্ক উসকে দিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে। তার মতে, স্বাধীনতার বহু বছর পরও এসব ইস্যু সামনে আনা জাতির অগ্রগতির জন্য সহায়ক নয়।

জাতীয় সংসদে মুক্তিযুদ্ধের সংজ্ঞা সংক্রান্ত বিলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ বিষয়ে বিরোধীদলীয় নেতা গঠনমূলক বক্তব্য দিয়েছেন এবং বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

সমাবেশে গোলাম পরওয়ার বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পশ্চিমা গণতন্ত্র বা সমাজতান্ত্রিক ব্যবস্থার সীমাবদ্ধতা তুলে ধরে তিনি ইসলামভিত্তিক শাসনব্যবস্থার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।