বিনোদন ডেস্ক:
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সামাজিক মাধ্যমে জোর আলোচনা চলছে যে, সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী ইশমায়েল উইলিয়ামের সঙ্গে সম্পর্কে রয়েছেন এই অভিনেত্রী এবং শিগগিরই তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেন।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বেশ কিছুদিন ধরেই একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন জেনিফার ও ইশমায়েল। এমনকি ইশমায়েল অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এবং জেনিফার তাতে সম্মত হয়েছেন বলেও খবর প্রকাশিত হয়েছে। বর্তমানে তারা বিয়ের পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন বলে জানা গেছে।
এর আগে ২০১২ সালে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জেনিফার উইংগেট। তবে মাত্র দুই বছরের মাথায় ২০১৪ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর করণ সিং গ্রোভার অভিনেত্রী বিপাশা বসুকে বিয়ে করেন। অন্যদিকে জেনিফারকে দীর্ঘদিন আর কোনো সম্পর্ক বা বিয়ের আলোচনায় দেখা যায়নি।
সম্প্রতি একটি ওয়েডিং ড্যান্স-সংক্রান্ত ইনস্টাগ্রাম রিলে জেনিফারের মন্তব্য এবং বিয়েসংক্রান্ত বিভিন্ন অ্যাকাউন্ট অনুসরণ করার বিষয়টি ভক্তদের নজরে আসে। এরপর থেকেই তার বিয়ে নিয়ে জল্পনা-কল্পনা আরও বাড়তে থাকে।
প্রতিবেদন অনুযায়ী, খ্রিস্টান রীতিতে বিয়ের পরিকল্পনা করছেন জেনিফার ও ইশমায়েল। সেপ্টেম্বর-অক্টোবর অথবা ডিসেম্বর-জানুয়ারির সময়কে সম্ভাব্য সময় হিসেবে বিবেচনা করা হচ্ছে। যদিও এখনো বিয়ের তারিখ বা ভেন্যু চূড়ান্ত হয়নি। তবে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা এ পরিকল্পনার বিষয়ে অবগত রয়েছেন বলে জানা গেছে।
