নিজ সংবাদ:
বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন, কৃষি ও অবকাঠামো খাতে চীনা বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। একই সঙ্গে কুনমিং-চট্টগ্রাম সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন এবং তিস্তা ব্যারেজ নির্মাণ প্রকল্পে চীনের বিনিয়োগেরও আহ্বান জানান তিনি।
চীনের ইউনান প্রদেশে অনুষ্ঠিত ৭ম চায়না-সাউথ এশিয়া কোঅপারেশন ফোরাম ও ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনে অংশ নিয়ে এসব বিষয়ে গুরুত্বারোপ করেন ডেপুটি স্পিকার। সফরের অংশ হিসেবে তিনি কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় হাসপাতাল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে কায়সার কামাল বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্যখাতে সহযোগিতার ব্যাপক সম্ভাবনা রয়েছে। চিকিৎসার জন্য কুনমিংয়ে যাওয়া বাংলাদেশি রোগীদের ভিসা, আবাসন ও চিকিৎসা ব্যয় সহজ ও সাশ্রয়ী করা গেলে এটি বাংলাদেশের মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা গন্তব্য হয়ে উঠতে পারে। পাশাপাশি চীনের হাসপাতালগুলোতে বাংলাদেশি চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানদের কর্মসংস্থানের সুযোগ তৈরির আহ্বানও জানান তিনি।
পরে চীনের কমিউনিস্ট পার্টির ইউনান প্রদেশের সেক্রেটারি ওয়াং নিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোকতাদিরও বাণিজ্য সম্প্রসারণ, কৃষি, পর্যটন, শিক্ষা ও চামড়া শিল্পসহ বিভিন্ন খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
সফরের শেষ পর্যায়ে প্রতিনিধিদলটি ঐতিহ্যবাহী ‘পাওথাও’ গ্রাম পরিদর্শন করে স্থানীয় ভেষজ চিকিৎসা ও কৃষিভিত্তিক জীবনযাত্রা সম্পর্কে ধারণা গ্রহণ করে।
