আন্তর্জাতিক ডেস্ক:
ভারতে প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থার অনিয়ম নিয়ে চলমান আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যের কড়া জবাব দিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, তরুণদের আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী মোদি বিচলিত হয়ে পড়েছেন এবং দেশের যুবসমাজের ভবিষ্যতের সবচেয়ে বেশি ক্ষতি তিনিই করেছেন।
রাহুল গান্ধী অভিযোগ করেন, মোদি সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। তার ভাষ্য, সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দখল ও দুর্বল করার সুযোগ দিয়েছে এবং এ কাজে জড়িত ব্যক্তিদেরও সুরক্ষা দিয়েছে।
এক্সে দেওয়া পোস্টে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে রাহুল লেখেন, ‘আপনিই সেই ব্যক্তি, যিনি আমাদের তরুণদের ভবিষ্যতের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন। আপনি শিক্ষা ব্যবস্থাকে দখল ও ধ্বংস করার সুযোগ দিয়েছেন এবং এর জন্য দায়ী ব্যক্তিদের রক্ষা করেছেন।’
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বার্তায় বলেন, দেশের তরুণদের স্বার্থ রক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। যারা যুবসমাজের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।
প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থার অনিয়ম ঘিরে চলমান বিতর্কের মধ্যেই মোদি ও রাহুলের এই পাল্টাপাল্টি বক্তব্য দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।
