চিরকুটে বিদায় জানিয়ে নীরবে পুজাতো ছাড়লেন স্কালোনি

মঙ্গলবার, জুলা ২৮, ২০২৬

ক্রীড়া ডেস্ক:

২০২৬ বিশ্বকাপ শেষে নিজ শহর পুজাতোতে ছুটি কাটিয়ে নীরবে সেখান থেকে বিদায় নিয়েছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপ ফাইনালের পর কয়েকদিন ধরে জন্মশহরে অবস্থানকালে প্রতিদিনই অসংখ্য সমর্থক তার সঙ্গে দেখা করতে ভিড় করেন। তবে বিদায়ের সময় কাউকে না জানিয়ে এক ব্যতিক্রমী উপায়ে নিজের চলে যাওয়ার খবর জানান এই বিশ্বকাপজয়ী কোচ।

শনিবার (২৫ জুলাই) রাতে পরিবারের অগোচরেই পুজাতো ছেড়ে যান স্কালোনি। যাওয়ার আগে বাবা-মায়ের বাড়ির দরজায় একটি ছোট্ট চিরকুট টাঙিয়ে রেখে যান। সেখানে লেখা ছিল, “লিও (স্কালোনি) গত রাতে চলে গেছেন! ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ।” স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল ২ ওই বার্তাটি প্রকাশ করেছে।

স্কালোনির উপস্থিতিতে প্রায় তিন হাজার জনসংখ্যার ছোট শহর পুজাতোতে উৎসবের আবহ তৈরি হয়েছিল। পাঁচ দিনের অবস্থানে প্রতিদিন শত শত ভক্ত তার বাবার বাড়িতে ভিড় করেন। কেউ শুভেচ্ছা জানিয়েছেন, কেউ ছবি তুলেছেন, আবার কেউ নিয়েছেন অটোগ্রাফ। সমর্থকদের এই ভালোবাসায় আবেগাপ্লুত ছিলেন আর্জেন্টাইন কোচ।

স্কালোনি পুজাতো ছাড়ার পর কোথায় গেছেন, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে স্পেনের মায়োর্কায় ফিরে গেছেন। সেখানে সেপ্টেম্বর পর্যন্ত পরিবারের সঙ্গে সময় কাটিয়ে পরবর্তী ফিফা আন্তর্জাতিক উইন্ডোর আগে আবার আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে ফিরবেন।

বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে না পারলেও স্কালোনির নেতৃত্বে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পৌঁছায়। তাই সমর্থকদের কাছে তার জনপ্রিয়তা এতটুকুও কমেনি। জন্মশহরে পাওয়া উষ্ণ অভ্যর্থনা এবং বিদায়ের আগে রেখে যাওয়া ছোট্ট চিরকুট সেই ভালোবাসারই এক আবেগঘন স্মারক হয়ে রইল।