ইরানের হামলায় চীনা স্যাটেলাইট ছবি ব্যবহারের অভিযোগ

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় চীনা স্যাটেলাইট থেকে পাওয়া উচ্চ রেজল্যুশনের ছবি ব্যবহারের অভিযোগ উঠেছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাও বিষয়টি জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত জুলাইয়ে জর্ডানের মুয়াফফাক সালতি বিমানঘাঁটিতে হামলার আগে তেহরান চীনা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ওই ঘাঁটির উচ্চ রেজল্যুশনের স্যাটেলাইট ছবি সংগ্রহ করেছিল বলে অভিযোগ রয়েছে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় ব্যবহৃত স্যাটেলাইট ছবি সরবরাহকারী চীনা প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করা হয়নি। একই সঙ্গে এ ঘটনায় বেইজিং সরাসরি জড়িত ছিল—এমন অভিযোগও তারা করেননি।

স্যাটেলাইট ছবির বিষয়টি মার্কিন কর্মকর্তারা চীনা কর্মকর্তাদের কাছে তুলেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে চীনা কর্মকর্তারা অভিযোগটি প্রত্যাখ্যান করে এর প্রমাণ দাবি করেছেন।

জুলাইয়ের ওই হামলায় জর্ডানের মুয়াফফাক সালতি বিমানঘাঁটির একটি আবাসিক এলাকায় ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের মধ্যে তিনজন নিহত এবং আরও চারজন আহত হন।

এর আগে গত মে মাসে ইরানকে একই ধরনের স্যাটেলাইট ছবি সরবরাহের অভিযোগে তিনটি চীনা কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। নতুন অভিযোগটি সামনে আসায় চীন ও ইরানের মধ্যে স্যাটেলাইট তথ্য সরবরাহের বিষয়টি আবারও আলোচনায় এসেছে।