নিজ সংবাদ:
কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের সময় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২। একই মামলায় সদর উদ্দিন খান, আজগর আলী ও আতাউর রহমান আতাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, দুপুর ১২টার দিকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন।
মামলার চার আসামিই পলাতক রয়েছেন। তাঁদের মধ্যে হানিফ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সদর উদ্দিন খান কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি, আজগর আলী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আতাউর রহমান আতা কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
রাষ্ট্রপক্ষ চার আসামির সর্বোচ্চ শাস্তি চেয়েছিল। বিচার শেষে হানিফকে মৃত্যুদণ্ড এবং অন্য তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।
রায়সংক্রান্ত একটি প্রতিবেদনে আরও বলা হয়েছে, চার আসামির সম্পত্তির ৫০ শতাংশ বাজেয়াপ্ত করে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের মধ্যে বণ্টনের নির্দেশ দেওয়া হয়েছে।
