কুমারখালী প্রতিনিধি \ কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় নামাজ পড়তে গিয়ে ভ্যান চুরির শিকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন ষাটোর্ধ্ব ভ্যানচালক মোশাররফ হোসেন। একমাত্র আয়ের উৎস হারিয়ে চারদিন ধরে তিনি ও তাঁর পরিবার শুধু পান্তাভাত খেয়ে দিনাতিপাত করছেন। তরকারি কেনার সামর্থ্য নেই, স্ত্রীর ঔষধও বন্ধ। কুমারখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মাঠপাড়ার বাসিন্দা মোশাররফ হোসেন গত ২ জুন মাগরিবের নামাজের সময় যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া বড় জামে মসজিদের সামনে থেকে ভ্যানটি হারান। তিনি বলেন, “ভ্যানটি হারিয়ে খুবই কষ্টে আছি। ঘরে চাল আছে, কিন্তু তরকারি নেই। কয়েকদিন ধরে পান্তাভাত খাচ্ছি। চিন্তায় শরীর শুকিয়ে যাচ্ছে। কেউ যদি একটা ভ্যানের ব্যবস্থা করে দেন, আমি আবার কাজে ফিরতে পারি।” মোশাররফের পরিবারে রয়েছে বেকার ছেলে, স্ট্রোকের রোগী স্ত্রী আলেয়া খাতুন ও বৃদ্ধ মা নবিরন নেছা। দিনে ৫০০-৬০০ টাকা আয় দিয়েই সংসার চলত। তিন বছর আগে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে অন্য কোনো কাজ করতে পারেন না তিনি। স্ত্রীর নিয়মিত ওষুধ কেনাও এখন বন্ধ। আলেয়া খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বাজারঘাট বন্ধ, শুধু পান্তাভাত খাচ্ছি। ওষুধও খেতে পারছি না।” প্রতিবেশীরা জানান, মোশাররফ একাই চার-পাঁচজনের পরিবারের দায়িত্ব সামলাতেন। ভ্যান হারিয়ে এখন তাঁরা নিরুপায়। স্থানীয়রা সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন। এবিষয়ে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার বলেন, “এর আগেও আমরা এমন অসহায় মানুষকে সহায়তা করেছি। কোনো সহৃদয় ব্যক্তি বা প্রবাসী যদি এগিয়ে আসেন, তাহলে তিনি উপকৃত হবেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।” ভ্যান ফিরে পেলে বা নতুন ভ্যানের ব্যবস্থা হলে মোশাররফের পরিবার আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে আশা করছেন স্থানীয়রা।
