ইউএনওর অভিযানে ২ উদ্যোক্তাকে জরিমানা

কালুখালীতে জন্মনিবন্ধনে অনিয়ম

শনিবার, জুন ১৩, ২০২৬

 

 

কালুখালী প্রতিনিধি \ রাজবাড়ীর কালুখালীতে জন্মনিবন্ধন সংশোধনের নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে দুই ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন— মদাপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা শাহানা আক্তার (৩৪), তিনি মদাপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের মোঃ খোয়াজ মণ্ডলের মেয়ে, এবং মৃগী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রইসুল ইসলাম (৩০), তিনি মৃগী ইউনিয়নের পবন পাঁচবাড়িয়া গ্রামের আকরামুল ইসলামের ছেলে। মঙ্গলবার কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকস্মিকভাবে উপজেলার মদাপুর ও মৃগী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি দেখতে পান, একই ব্যক্তির জন্মনিবন্ধন সংশোধনের জন্য সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত ১০ হাজার টাকা করে দাবি করা হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে অভিযুক্তরা মোবাইল কোর্টের কাছে তাদের অপরাধ স্বীকার করেন। সরকারি নির্দেশনা অমান্য করে সরকারি কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সেবাগ্রহীতাদের হয়রানির দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়। অর্থদন্ড তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। এ বিষয়ে ইউএনও মেজবাহ উদ্দিন বলেন, “জনসেবায় কোনো ধরনের অনিয়ম বা অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ নেই। সরকারি সেবা সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।