স্পিডবোটে মিলল যুবকের গুলিবিদ্ধ মরদেহ

পদ্মার চরে গোলাগুলি

শনিবার, জুন ১৩, ২০২৬

 

বিশেষ প্রতিনিধি \ দূর্গম চরের পদ্মা নদীতে ভাসমান একটি স্পিডবোট থেকে আজিজুল হক ঝড়ু ওরফে ঝড়ু মাস্তান (৩৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৯ জুন) বিকেলে নাটোরের লালপুর উপজেলার চরজাজিরা পদ্মার চর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ঝড়ু মাস্তান বাগাতিপাড়া উপজেলার পাবনাপাড়া গ্রামের আব্দুল শেখের ছেলে। বালুমহাল দখলকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী বন্দুধারী দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। দৌলতপুর ও লালপুর থানা সূত্রে জানা গেছে,  সোমবার দিবাগত গভীর রাত থেকে গতকাল মঙ্গলবার সকাল ৬টার মধ্যে কুষ্টিয়ার দৌলতপুর ও রাজশাহীর বাঘা থানার সীমান্তবর্তী পদ্মার হবির চর এলাকায় বালুমহাল দখল নিয়ে সন্ত্রাসী বেলাল গ্রুপ ও কাকন গ্রুপের মধ্যে গোলাগুলি ও বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। গোলাগুলির ঘটনায় একজন গুলিবিদ্ধ হওয়ার তথ্য পেয়ে চরাঞ্চলের বিভিন্ন এলাকা ও নদীতীরবর্তী এলাকায় সন্ধান চালায় পুলিশ। পরে চরজাজিরা এলাকায় পদ্মা নদীর তীরে একটি স্পিডবোটের ভেতর রক্তাক্ত অবস্থায় আজিজুল হক ঝড়ু মাস্তানের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। সে রাজশাহীর চারঘাট উপজেলায় একটি বালু উত্তোলন কাজে জড়িত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে লালপুর থানা পুলিশ, ভেড়ামারা থানা পুলিশ ও লক্ষীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল নদী এলাকা হওয়ায় লক্ষীকুন্ডা নৌ-পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) খন্দকার শফিকুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি সবুজ ও নীল রঙের স্পিডবোট জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বালুমহালের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলমান বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। এ বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, ঘটনাটি দৌলতপুর সীমান্তের ওপারে বাঘা এলাকায় ঘটেছে। সংশ্লিষ্ট থানা পুলিশ বিষয়টি দেখভাল করছেন।