পোড়াদহে মাদক ও মোবাইল চুরির অভিযোগে সালিশ বৈঠক, অভিযুক্ত তানভির অনুপস্থিত

শনিবার, জুন ১৩, ২০২৬

 

হাসানুজ্জামান রাজীব \ কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের আহমেদপুর এলাকায় মাদক সেবন, মাদক বিক্রি ও মোবাইল চুরির অভিযোগে তানভীর নামে এক যুবকের বিরুদ্ধে স্থানীয় সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বিকালে উপজেলার আহমেদপুরে এ সালিশী বৈঠক অনুষ্ঠিত হয়। তবে অভিযুক্ত তানভিরের অনুপস্থিতিতে বৈঠকটি ব্যাহত হয়। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তানভীরের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রির অভিযোগ চলে আসছিল। সর্বশেষ গত ৩ জুন রাতে আহমেদপুরের একটি দোকান থেকে মোবাইল চুরির ঘটনায় ভুক্তভোগী তারিক তানভীরকে অভিযুক্ত করেন। তারিক জানান, মোবাইল হারানোর পর তিনি তানভিরকে ফোনে জিজ্ঞাসা করলে তানভীর অস্বীকার করেন। পরে চুয়াডাঙ্গায় সিম রিপ্লেস করতে গেলে তার ছোট ভাই জানায় যে মোবাইলটি তানভীরের কাছ থেকে উদ্ধার হয়েছে। পোড়াদহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার শাহ আলমের উদ্যোগে আয়োজিত এ সালিশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। মেম্বার শাহ আলম বলেন, “তারিকের অভিযোগের সত্যতা যাচাই এবং বিচারের জন্যই সালিশের আয়োজন করা হয়েছিল। এর আগেও তানভীর চুরির মামলায় কারাভোগ করেছেন এবং তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে। মাদক ও চুরি নির্মূলে আমরা সচেষ্ট।” সালিশে উপস্থিত অ্যাডভোকেট ইকবাল খান বলেন, “তানভীর তারিকের মোবাইল চুরি করেছে। মোবাইলটি এখনও তার কাছেই আছে। সে আইনগতভাবে ফেরত চায়।” আব্দুর রাফেত কলেজের সহকারী অধ্যাপক ইয়াকুব আলী বিশ্বাস বলেন, “আমরা তানভীরের বিচার চাই। সে এলাকায় মাদকের কারবারও চালায়। প্রয়োজনে মিরপুর থানায় অভিযোগ দায়ের করব।” এলাকাবাসী জানান, সামাজিকভাবে সমাধান না হলে তারা আইন-শৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হবেন। একইসঙ্গে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা দাবি করেন তারা। অভিযুক্ত তানভীরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।