কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে ৪৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল ও মাদকদ্রব্য জব্দ

মঙ্গলবার, জুলা ২৮, ২০২৬

 

বিশেষ প্রতিনিধি \ কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে প্রায় ৪৫ লাখ টাকার অবৈধ ভারতীয় কারেন্ট জাল ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ তথ্য জানিয়েছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সদরের টহল দল ভেড়ামারা উপজেলার বহালবাড়িয়া সড়কে রবিবার রাত ১০টায় বিশেষ অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫৯০ কেজি ভারতীয় অবৈধ কারেন্ট জাল, ২৫টি চায়না জাল এবং ২৫ কেজি জালের সুতা জব্দ করা হয়। পরবর্তীতে উদ্ধার হওয়া নিষিদ্ধ ও অবৈধ জাল মিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এর উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও একই দিন বিকেল ৪.৩০ টায় ধর্মদাহ বিওপির টহল দল ধর্মদাহ মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৯৮ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া অবৈধ কারেন্ট জাল ও মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৪৪ লক্ষ ৮৫ হাজার ৩৯০ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তি সূত্রে বিজিবি জানিয়েছে।