নিজ সংবাদ \ কুষ্টিয়া কেন্দ্রীয় জামে বড় মসজিদে নবনির্মিত লাশ ধোয়া ঘর ও আধুনিক টয়লেটের উদ্বোধন করেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান। গতকাল শুক্রবার (১২ জুন) বাদ জুম্মা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এসময়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) মিজানুর রহমান, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া চেম্বারের পরিচালক আক্তারুজ্জামান কাজল মাজমাদার, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টুসহ মসজিদ পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠানের মাধ্যমে নবনির্মিত স্থাপনাগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান কাজল মাজমাদার বলেন, কুষ্টিয়া কেন্দ্রীয় জামে বড় মসজিদ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। প্রতিদিন বিপুল সংখ্যক মুসল্লি এখানে নামাজ আদায় করেন এবং ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণ করেন। তিনি বলেন, দীর্ঘদিনের চাহিদার প্রেক্ষিতে মুসল্লিদের সুবিধার্থে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন লাশ ধোয়া ঘর ও টয়লেট নির্মাণ করা হয়েছে। এতে জানাজা ও দাফন কার্যক্রমের পূর্বপ্রস্তুতি আরও সুশৃঙ্খল ও স্বাস্থ্যসম্মতভাবে সম্পন্ন করা সম্ভব হবে। তিনি আরো বলেন, মানুষের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য পরিচ্ছন্ন ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন লাশ ধোয়া ঘর ও টয়লেট ব্যবহারের মাধ্যমে মুসল্লি ও সাধারণ মানুষ আরও উন্নত সেবা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত মুসল্লিরা এমন জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
