কুষ্টিয়ায় দুই দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তী উদযাপন শুরু

শনিবার, জুন ১৩, ২০২৬

 

নিজ সংবাদ \ জেলা সাংস্কৃতিক সমন্বয় পরিষদ কুষ্টিয়ার উদ্যোগে এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুষ্টিয়া জেলা শাখার পৃষ্ঠপোষকতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেল ৫টায় আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মোহাঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। জেলা সাংস্কৃতিক সমন্বয় পরিষদ, কুষ্টিয়ার উপদেষ্টা অধ্যাপক শামসুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন এ্যাড. শামিম উল হাসান অপু। বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা’র নেতা শাহনেওয়াজ আরেফীন পাপ্পু। প্রধান অতিথি সোহরাব উদ্দিন বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার অনন্য প্রতীক। তাঁর সাহিত্য ও সংগীত আজও আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে, সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে এবং মানবিক মূল্যবোধ ধারণ করতে অনুপ্রাণিত করে। নতুন প্রজন্মের কাছে নজরুলের আদর্শ পৌঁছে দিতে সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল সংগীত, আবৃত্তি, নৃত্য ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।