কুমারখালী প্রতিনিধি \ কুষ্টিয়ার কুমারখালীতে বাড়ির পাশের পুকুরে ডুবে আয়ান নামের দুই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলা চাপড়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামে ঘটে এই মর্মান্তিক ঘটনা। নিহত শিশু আয়ান ওই গ্রামের কৃষক রুবেল হোসেনের ছেলে। স্বজনরা জানায়, আয়ানের অসুস্থ দাদাকে সাতদিন পর হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে। তাকে দেখতে শিশুটির ফুফু, ফুফাসহ অন্যান্য স্বজনরা এসেছেন। তাদের রান্নাবান্নায় ব্যস্ত শিশুটির মা। একপর্যায়ে সবার চোখকে ফাঁকি দিয়ে শিশুটি খেলতে গিয়ে কখন বাড়ির পাশের পুকুরে পড়ে গেছে তা কেউ টের পায়নি। পরে পুকুরে আয়ানকে ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর তাকে উদ্ধার করে স্বজনা কুষ্টিয়া সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, পানিতে ডুবে আয়ান নামের দুই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
