অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

নিজ সংবাদ:

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতীয় এক দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গান্ধাই এলাকা থেকে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন কামরুল আহমেদ (৩২) ও তাঁর স্ত্রী হুসনা বেগম লস্কর (২৪)। বিজিবি সূত্র বলেছে, কামরুল আহমেদ ২০১৪ সালে দালালের মাধ্যমে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যান। পরে তিনি ২০১৫ সালে সেখানে ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেন। পরে তিনি ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি জেলার লালা গ্রামের তাজ উদ্দিন লস্করের মেয়ে হুসনা বেগম লস্করকে বিয়ে করেন।