নিজ সংবাদ:
কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাতের রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণœ করতে একটি পুরোনো ভিডিও বিকৃত (এডিট) করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (১৫ মে) বিকেলে সময় কুষ্টিয়া প্রেসক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে ধরে একে ‘সুপরিকল্পিত সাইবার অপরাধ’ ও ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ হিসেবে অভিহিত করেছেন এই ছাত্রনেতা। লিখিত বক্তব্যে খন্দকার তসলিম উদ্দিন নিশাত জানান, গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে যা মূলত ২০১৫ সালের। তিনি বলেন, ‘সেদিন আমার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দিন ছিল। প্রচন্ড বৃষ্টির মধ্যে কুষ্টিয়া থেকে মোটরসাইকেলে করে মিরপুরে যাওয়ার সময় আমি পুরোপুরি ভিজে যাই। পরে এক আত্মীয়ের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভেজা জামা খুলে শুকাতে দিই এবং বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। সেখানে বন্ধুদের সাথে হাস্যরসের একটি মুহুর্তকে এক বন্ধু ধারণ করেছিল। এটি সম্পূর্ণ ব্যক্তিগত ও স্বাভাবিক আড্ডার ঘটনা ছিল।” নিশাত অভিযোগ করেন, একটি অসাধু ও কুচক্রী মহল সেই ভিডিওটি সংগ্রহ করে কারিগরি কারসাজির মাধ্যমে এডিট করেছে। ভিডিওর উপরে বিভ্রান্তিকর ও মিথ্যা লেখা সংযোজন করা হয়েছে এবং শেষাংশে সম্পূর্ণ ভিন্ন একটি এডিট করা ছবি যুক্ত করা হয়েছে। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “ভিডিওটিতে কোথাও কোনো মাদকদ্রব্য বা অনৈতিক কর্মকান্ডের প্রমাণ নেই। শুধুমাত্র আমাকে সামাজিকভাবে হেয় করতে এবং আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে এই হীন পথ বেছে নেওয়া হয়েছে।’ সংবাদ সম্মেলনে নিশাত তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে বলেন, ২০০৮ সাল থেকে তিনি বিএনপি পরিবারের রাজনীতির সাথে সম্পৃক্ত। বিগত স্বৈরাচারী সরকারের আমলে তাকে চরম রাজনৈতিক নিপীড়নের শিকার হতে হয়েছে। তার বিরুদ্ধে ৩০টিরও অধিক ‘মিথ্যা’ মামলা দায়ের করা হয়েছিল এবং এই কারণে তাকে অন্তত ৮ বার কারাবরণ করতে হয়েছে। এছাড়া করোনাকালীন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তার করা মানবিক কর্মকান্ডের কথাও তিনি স্মরণ করিয়ে দেন। ব্যক্তিগত চরিত্রহননের রাজনীতির তীব্র সমালোচনা করে তিনি প্রশাসনের সাইবার ক্রাইম ইউনিটের প্রতি বিশেষ আহ্বান জানান। তিনি বলেন, “মতপার্থক্য থাকতে পারে, কিন্তু চরিত্রহনন কাম্য নয়। আমি প্রশাসনের কাছে দাবি জানাই, এই অপপ্রচারের সাথে জড়িত সাইবার অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।” একইসাথে তিনি গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণকে কোনো বিকৃত তথ্যে বিভ্রান্ত না হয়ে সত্যের পাশে থাকার অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ন আহবায়ক মনিরুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় হোসেন, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শিমুল হোসেন এবং পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সদস্য সচিব মারুফ হোসেন পিয়াসসহ জেলার বিভিন্ন পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীরা ছিলেন।