আজ হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী

মঙ্গলবার, জুলা ২৮, ২০২৬

নিজ সংবাদ:

বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাশিল্পী, ঔপন্যাসিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ, ১৯ জুলাই। ২০১২ সালের এই দিনে ক্যানসারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদান আজও পাঠক-দর্শকের হৃদয়ে অম্লান।

১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস নন্দিত নরকে দিয়ে সাহিত্যজগতে অভিষেক হয় হুমায়ূন আহমেদের। এরপর শঙ্খনীল কারাগারসহ একের পর এক জনপ্রিয় উপন্যাস, নাটক ও চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে নিজস্ব এক অনন্য অবস্থান তৈরি করেন। সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, লেখকশিবির পুরস্কার, মাইকেল মধুসূদন পদকসহ বহু সম্মাননায় ভূষিত হন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকালে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুরে তাঁর প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক শোভাযাত্রা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল।

এ ছাড়া বিকেলে কেন্দুয়া উপজেলা পরিষদে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব ও চর্চা সাহিত্য আড্ডার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একই সময়ে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় হুমায়ূন আহমেদ স্মৃতি সংসদের উদ্যোগেও স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাঁর সৃষ্টিকর্মের মধ্য দিয়েই তিনি আজও বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে বেঁচে আছেন।