হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ করার আগ্রহ ট্রাম্পের

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নাম বদলে নিজের নামে রাখার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘এখন যেহেতু হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, তবে কি এটির নাম বদলে ট্রাম্প প্রণালি রাখা উচিত?’

ট্রাম্পের দাবি, গুরুত্বপূর্ণ এ জলপথ এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। তবে ইরান বলছে, হরমুজ প্রণালি এখনো তাদের নিয়ন্ত্রণে এবং জলপথটি বন্ধ রয়েছে।

এর আগে মঙ্গলবার ইরানে কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। দক্ষিণাঞ্চলীয় শহর সিরিতে একটি বিয়ের অনুষ্ঠানে হামলায় দুই শিশুসহ অন্তত চারজন নিহত এবং ৬০ জনের বেশি আহত হন।

এর জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পাল্টাপাল্টি হামলার প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়েছে।

মার্কিন কর্মকর্তারা হরমুজ প্রণালি খোলা থাকার দাবি করলেও ইরান তা অস্বীকার করেছে। সৌদি আরবও অভিযোগ করেছে, প্রণালিতে তাদের একটি তেলবাহী জাহাজে ইরানি হামলায় দুই নাবিক নিহত হয়েছেন।

যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রেও জ্বালানির দাম বেড়েছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, বুধবার দেশটিতে প্রতি গ্যালন পেট্রলের দাম বেড়ে ৪ দশমিক ১২ ডলারে দাঁড়ায়; যুদ্ধ শুরুর আগে যা ছিল ৩ ডলারের নিচে।

এর আগে ট্রাম্প হরমুজ প্রণালিকে ‘যুক্তরাষ্ট্রের এলাকা’ বলে দাবি করেছিলেন। একইভাবে গত সপ্তাহে কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তের লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ করার ঘোষণাও দেন তিনি।