নিজ সংবাদ:
দেশের সব দোকান, বিপণিবিতান ও শপিংমল প্রতিদিন রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপিও দিয়েছে সংগঠনটি।
সোমবার (৮ জুন) পাঠানো স্মারকলিপিতে ব্যবসায়ী নেতারা বলেন, বর্তমান সময়ে সন্ধ্যার পর দোকান বন্ধ রাখার কারণে ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ক্রমবর্ধমান দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, ব্যাংক ঋণের কিস্তি এবং কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করতে গিয়ে অনেক ব্যবসায়ী সংকটে পড়েছেন।
সংগঠনটির দাবি, কর্মব্যস্ততার কারণে অনেক ক্রেতা দিনের বেলায় কেনাকাটার সুযোগ পান না। তারা সাধারণত বিকেল ও সন্ধ্যার পর বাজারে আসেন। ফলে দোকান ও শপিংমল দ্রুত বন্ধ হয়ে গেলে ব্যবসায়ীরা সম্ভাব্য বিক্রির বড় একটি অংশ থেকে বঞ্চিত হন।
স্মারকলিপিতে বলা হয়, দেশের শহর, মফস্বল ও গ্রামাঞ্চলে দোকান ও মার্কেটকেন্দ্রিক লাখো মানুষের কর্মসংস্থান গড়ে উঠেছে। ব্যবসার সময় বাড়ানো হলে অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে, কর্মসংস্থান টিকবে এবং সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।
তাই প্রতিদিন দুপুর ১২টা বা সরকারের নির্ধারিত সময় থেকে রাত ১০টা পর্যন্ত দোকান, মার্কেট ও শপিংমল খোলা রাখার অনুমোদন দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। তাদের মতে, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রায় ৭০ লাখ ব্যবসায়ী ও কর্মচারী উপকৃত হবেন।
