বিনোদন ডেস্ক:
বলিউডের কোরিওগ্রাফার ও অভিনেতা রাঘব জুয়ালের জন্মদিনের পার্টিতে আনন্দের বদলে তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। অতিরিক্ত ভিড়ের কারণে অস্বস্তিতে পড়েন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। একপর্যায়ে নিরাপত্তারক্ষীদেরও তাকে নিরাপদে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে বেশ বেগ পেতে হয়।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গত ১০ জুলাই বান্দ্রার একটি অভিজাত রেস্তোরাঁয় জন্মদিন উপলক্ষে নৈশভোজের আয়োজন করেন রাঘব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরিয়ান খান, অভিনেতা ববি দেওলসহ বলিউডের বেশ কয়েকজন তারকা। শুরুতে পরিবেশ স্বাভাবিক থাকলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
জানা গেছে, একই দিনে এক প্রভাবশালী রাজনীতিক ও সমাজকর্মীর জন্মদিন থাকায় যৌথভাবে অনুষ্ঠান আয়োজন করা হয়। যদিও দুই পক্ষের অতিথিদের জন্য আলাদা আমন্ত্রণপত্র ছিল, শেষ পর্যন্ত একই ভেন্যুতে বিপুল সংখ্যক অতিথির উপস্থিতিই বিশৃঙ্খলার কারণ হয়ে দাঁড়ায়।
আরিয়ান খান ও ববি দেওল অনুষ্ঠানে পৌঁছানোর পর তাদের ঘিরে ভক্তদের ভিড় জমে যায়। অনেকেই অনুমতি ছাড়াই ভেতরে প্রবেশ করে সেলফি তোলার চেষ্টা করেন। এতে অনুষ্ঠানের পরিবেশ অস্বস্তিকর হয়ে ওঠে এবং বেশ কয়েকজন তারকা দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, পুরো সময় আরিয়ান নিজের নিরাপত্তার পাশাপাশি অন্যদের নিরাপত্তার বিষয়েও সতর্ক ছিলেন। তবে এমন পরিস্থিতির জন্য কেউই প্রস্তুত ছিলেন না।
ঘটনার পর রাঘব জুয়াল প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকেও অস্বস্তিতে পড়তে দেখা গেছে। বর্তমানে ‘কিল’ ও ‘ব্যাডস অব বলিউড’-এ প্রশংসিত এই অভিনেতাকে শিগগিরই শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘কিং’-এ দেখা যাবে।
