৩৭ কোটি রুপিতে দিল্লিতে বাড়ি কিনলেন শাহরুখ

মঙ্গলবার, জুলা ২৮, ২০২৬

বিনোদন ডেস্ক:

বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খান আবারও আলোচনায়। সম্প্রতি দিল্লির পঞ্চশীল পার্কে নিজের ও স্ত্রী গৌরী খান-এর বিবাহ-পরবর্তী প্রথম বাড়িটির বাকি অংশ কিনে সম্পূর্ণ মালিকানা নিজের নামে নিয়েছেন। এ জন্য তার ব্যয় হয়েছে প্রায় ৩৭ কোটি রুপি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এই সম্পত্তি যুক্ত হওয়ার পর শাহরুখ খানের স্থাবর সম্পদের আনুমানিক মূল্য প্রায় ১ হাজার ২২৭ কোটি রুপিতে পৌঁছেছে। এর মধ্যে রয়েছে তার বিভিন্ন বাড়ি, ভিলা, অ্যাপার্টমেন্ট ও অবকাশযাপন এস্টেট।

১৯৯১ সালে বিয়ের পর দিল্লির পঞ্চশীল পার্কের এই বাড়িতেই নতুন সংসার শুরু করেছিলেন শাহরুখ ও গৌরী। সম্প্রতি ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলার মালিকানাও কিনে নেওয়ায় পুরো বাড়িটি এখন তার একক মালিকানায় এসেছে।

শাহরুখের সবচেয়ে পরিচিত ঠিকানা মুম্বাইয়ের বিখ্যাত ‘মান্নাত’। এছাড়া দুবাইয়ের পাম জুমেইরাহতে ‘জান্নাত’ নামে একটি বিলাসবহুল ভিলা, লন্ডনের মে-ফেয়ারে একটি অভিজাত অ্যাপার্টমেন্ট এবং আলিবাগে একটি বিশাল অবকাশযাপন এস্টেট রয়েছে।

সম্প্রতি তিনি ব্যবসায়িক বিনিয়োগও বাড়িয়েছেন। তার মালিকানাধীন ক্রীড়া প্রতিষ্ঠান দক্ষিণ আফ্রিকার একটি টি-টোয়েন্টি দলের নিজস্ব মাঠ সুপারস্পোর্ট পার্ক অধিগ্রহণ করেছে। এর মাধ্যমে ক্রিকেটভিত্তিক ব্যবসায়ও নিজের অবস্থান আরও শক্ত করেছেন এই জনপ্রিয় অভিনেতা।