৩০ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

সালমান শাহ হত্যা মামলা

মঙ্গলবার, জুলা ২৮, ২০২৬

নিজ সংবাদ:

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী ৩০ আগস্টের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন থাকলেও তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ তা দাখিল করতে পারেননি। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা নতুন তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম।

গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম মামলাটি দায়ের করেন। এতে সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসা থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে অপমৃত্যুর মামলা হলেও পরে হত্যার অভিযোগ এনে নতুন তদন্তের আবেদন করা হয়। এরপর বিভিন্ন সময়ে সিআইডি, বিচার বিভাগীয় তদন্ত, র‌্যাব ও পিবিআই তদন্ত চালালেও প্রত্যেকটি তদন্তেই হত্যার অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি এবং ঘটনাটি আত্মহত্যা বলে উল্লেখ করা হয়।

তবে এসব তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট হননি সালমান শাহর মা নীলা চৌধুরী। তিনি ধারাবাহিকভাবে নতুন তদন্তের দাবি জানিয়ে আসছেন।

২০২২ সালে রিভিশন আবেদন গ্রহণের পর গত বছরের ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত রিভিশন মঞ্জুর করেন। আদালত সালমান শাহর বাবার অভিযোগ ও সংশ্লিষ্ট জবানবন্দি সংযুক্ত করে হত্যা মামলা রুজুর নির্দেশ দেন এবং অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে রমনা মডেল থানাকে নির্দেশ দেন।

বর্তমানে সেই মামলার তদন্ত চলমান রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ৩০ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।