আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ নতুন করে তীব্রতা পেয়েছে। শুক্রবার ভোর পর্যন্ত উভয় দেশ পাল্টাপাল্টি ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগার ও পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালালে, রাশিয়া ইউক্রেনের রেল স্টেশন ও বৈদ্যুতিক অবকাঠামোকে লক্ষ্য করে আঘাত হানে।
কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ইউক্রেনের হামলায় রাশিয়ার তাতারস্তান অঞ্চলের একটি আবাসিক ভবনে তিনজন আহত হয়েছেন। অন্যদিকে রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের সুমি অঞ্চলে একজন রেলকর্মী নিহত এবং আরও একজন আহত হয়েছেন।
ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, তারা তাতারস্তানের নিজনেকামস্কে অবস্থিত রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধনাগার ‘টানেকো’ এবং ‘তাইফ-এনকে’ পেট্রোকেমিক্যাল স্থাপনায় সফল হামলা চালিয়েছে। এছাড়া সামারা অঞ্চলের টোগলিয়াত্তিকাউচুক সিন্থেটিক রাবার কারখানাও লক্ষ্যবস্তু করা হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাতারাতি ২৩১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। অন্যদিকে ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, রাশিয়া ১১৭টি ড্রোন ছুড়েছিল, যার মধ্যে ১০২টি ধ্বংস বা নিষ্ক্রিয় করা হয়েছে।
এদিকে দক্ষিণ ইউক্রেনের মাইকোলাইভ শহরেও ড্রোন হামলায় কয়েকজন আহত হয়েছেন এবং বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করলেও চলমান সংঘাতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির সংখ্যা বাড়ছেই।
