নিজ সংবাদ:
জাতীয় সংসদে আমদানি-রফতানির আড়ালে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্নে তিনি এ বিষয়টি উত্থাপন করেন।
রুমিন ফারহানা দাবি করেন, আমদানি-রফতানির আড়ালে প্রতিবছর প্রায় ৮ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হচ্ছে। এ ধরনের অর্থ পাচার রোধে সরকার কী পদক্ষেপ নেবে, সে বিষয়ে বাণিজ্যমন্ত্রীর কাছে জানতে চান তিনি। বক্তব্যের শুরুতে দীর্ঘ সময় অপেক্ষার পর কথা বলার সুযোগ পাওয়ায় ডেপুটি স্পিকারকে ধন্যবাদও জানান তিনি।
জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আমদানি-রফতানির আড়ালে অর্থ পাচারের অভিযোগ রয়েছে এবং বিষয়টি নিয়ে গবেষণা ও পর্যালোচনার প্রয়োজন আছে। তিনি বলেন, দেশের মোট বৈদেশিক বাণিজ্যের পরিমাণ প্রায় ১৩০ বিলিয়ন ডলার হলেও নির্দিষ্টভাবে কোন পণ্যের মাধ্যমে কত অর্থ পাচার হচ্ছে তা প্রমাণ করা সহজ নয়।
মন্ত্রী আরও জানান, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। রফতানি বা আমদানির আড়ালে অর্থ পাচারের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
