নিজ সংবাদ:
চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে বড় ঘাটতির আশঙ্কা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটির হিসাবে, জুন মাস শেষে মোট রাজস্ব আদায় দাঁড়াতে পারে প্রায় ৪ লাখ ১৫ হাজার কোটি টাকা। ফলে সংশোধিত লক্ষ্যমাত্রা ৫ লাখ ৩ হাজার কোটি টাকার তুলনায় ঘাটতি হতে পারে প্রায় ৮৮ হাজার কোটি টাকা।
রোববার রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, চলতি অর্থবছরের ২০ জুন পর্যন্ত শুল্ক-কর আদায় হয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৯৫৩ কোটি টাকা। জুনের প্রথম ২০ দিনে আদায় হয়েছে ২৯ হাজার ৩১১ কোটি টাকা। বাকি সময়ে আরও প্রায় ২৫ হাজার কোটি টাকা আদায়ের আশা করছে সংস্থাটি।
রাজস্ব আদায়ের গতি বাড়াতে আয়কর, ভ্যাট ও শুল্ক বিভাগের মাঠপর্যায়ে তিনটি পৃথক টাস্কফোর্স গঠন করেছে এনবিআর। কর আদায় বৃদ্ধি, বকেয়া রাজস্ব আদায় এবং বিভিন্ন আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করার মাধ্যমে আয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, রাজস্ব ঘাটতি হলে সরকারের অর্থ ব্যবস্থাপনায় চাপ তৈরি হয়। কারণ বাজেটের বড় অংশই এনবিআরের রাজস্ব থেকে আসে। কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ঋণের সুদসহ নিয়মিত ব্যয় কমানোর সুযোগ সীমিত থাকায় উন্নয়ন প্রকল্পে ব্যয় কমানোর চাপ তৈরি হয়।
এদিকে বাংলাদেশের কর-জিডিপি অনুপাত দীর্ঘদিন ধরেই কম। বর্তমানে এটি প্রায় ৬ থেকে ৭ শতাংশের মধ্যে রয়েছে, যা অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
