এসএসসি ও সমমানের ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

নিজ সংবাদ:

আগামী ২০ জুলাই মাধ্যমিক ও সমমানের (এসএসসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বিগত বছরগুলোতে প্রশ্নফাঁস দেশের শিক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। এ ধরনের অনিয়ম বন্ধ করতে শিক্ষা মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

তিনি জানান, পরীক্ষার খাতা মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে সব শিক্ষা বোর্ডের খাতা র‌্যান্ডমভাবে যাচাই করা হবে। কোনো পরীক্ষার্থীকে অস্বাভাবিকভাবে কম বা বেশি নম্বর দেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।

প্রশ্নফাঁস প্রতিরোধ প্রসঙ্গে মন্ত্রী বলেন, তিনি নিজে বাংলাদেশ গভর্নমেন্ট প্রেস (বিজি প্রেস) পরিদর্শন করে প্রশ্নপত্রের নিরাপত্তা ব্যবস্থা তদারক করেছেন। ডিজিটাল পদ্ধতিতে নকলের প্রবণতা মোকাবিলায় নতুন কৌশল নেওয়ার কথাও জানান তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, নকলের পুরোনো সংস্কৃতি বন্ধ হয়েছে, তবে প্রযুক্তির ব্যবহারে নতুন ধরনের অনিয়ম দেখা যাচ্ছে। এগুলো প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এ সময় তিনি উচ্চশিক্ষার প্রসার নিয়েও প্রশ্ন তুলে বলেন, দেশে শুধু অনার্স ও উচ্চশিক্ষার দিকে ঝোঁক বাড়ছে, কিন্তু প্রয়োজন অনুযায়ী দক্ষতা উন্নয়ন ও কর্মমুখী শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া জরুরি।