আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ করবে আদালত: জাহেদ উর রহমান

মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

নিজ সংবাদ:

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালত দেবে। বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই নির্ধারণ করবে দলটির বিষয়ে পরবর্তী পদক্ষেপ।

মঙ্গলবার (২৩ জুন) তথ্য অধিদপ্তরে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজনৈতিক দলগুলোর অবস্থান প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, অনেক দল প্রতীকী কারণে মাঠে অবস্থান করছে। তবে আওয়ামী লীগকে ‘নিষিদ্ধ দল’ বলা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি আইনগতভাবে পরিষ্কার হওয়া প্রয়োজন।

তিনি বলেন, আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিল কি না, তা বিচার শেষে নির্ধারিত হবে। বর্তমানে দলটির কার্যক্রম সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ রয়েছে এবং বিচারাধীন অবস্থায় আছে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, দলটি যদি মাঠে কোনো কর্মসূচি পালন করতে চায়, তা আইন লঙ্ঘনের আওতায় পড়বে এবং সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, কোনো কিছু করার জন্য নৈতিক সাহস প্রয়োজন। তার দাবি, বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের সেই নৈতিক অবস্থান নেই।

তিনি আরও বলেন, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বিষয়গুলো নির্ধারিত হবে এবং আদালতের সিদ্ধান্তই হবে চূড়ান্ত।